দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও হিজবুল্লাহ উভয় পক্ষ যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে বলে ঘোষণা দেওয়ার পরও লেবাননে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননজুড়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
লেবাননের সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, সিডন জেলার মারওয়ানিয়েহ শহরে ইসরাইলি হামলায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। একই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। এছাড়া জিবচিত গ্রামে ড্রোন হামলায় দুই সিরীয় নাগরিক নিহত হন এবং টুল ও হারুফ গ্রামে পৃথক হামলায় আরও কয়েকজন প্রাণ হারান।
এদিকে ওয়াশিংটন ডিসিতে ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনার প্রস্তুতি চললেও সংঘাত থামেনি। আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন লেবাননের পক্ষের আলোচকরা।
ট্রাম্প দাবি করেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবানন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগের পর উভয় পক্ষ গুলি বন্ধে সম্মত হয়েছে। তবে বাস্তবে হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
এরই মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দক্ষিণ বৈরুতের হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত এলাকায় হামলার নির্দেশ দেন। এতে নতুন করে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাতের কারণে লেবাননে ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে।
অন্যদিকে ইরান-সমর্থিত সামরিক নেতৃত্ব থেকে ইসরাইল ও তার মিত্রদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারা বলেছে, লেবাননে হামলা চলতে থাকলে এর কঠোর জবাব দেওয়া হবে।
ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে এবং সেখানে নতুন হামলার প্রস্তুতির কথা জানিয়েছে।
এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলবে এবং লক্ষ্য হলো হিজবুল্লাহকে নিরস্ত্র করা ও সীমান্ত এলাকা থেকে তাদের অস্ত্র সরিয়ে ফেলা।
এমএস/